ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ান, আত্মসমর্পণের স্বপ্ন কবরে নিয়ে যান
আন্তর্জাতিক ডেস্ক:
ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ান, আত্মসমর্পণের স্বপ্ন কবরে নিয়ে যান। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকলেও নতিস্বীকার করতে নারাজ তেহরান। যুক্তরাষ্ট্রের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ দাবিকে প্রত্যাখ্যান করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এটি একটি ‘স্বপ্ন যা তাদের কবরে নিয়ে যাওয়া উচিত’।
শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক পূর্ব-রেকর্ডকৃত ভাষণে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। তবে একই ভাষণে তিনি প্রতিবেশী দেশগুলোর ওপর চালানো হামলার জন্য ক্ষমাও চেয়েছেন, যা ইরানের রাজনৈতিক নেতৃত্বের ওপর দেশটির শক্তিশালী আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড-এর পূর্ণ নিয়ন্ত্রণহীনতাকে স্পষ্ট করে দিয়েছে।
ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট, তবু হামলা অব্যাহত
প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘ইরানের পক্ষ থেকে যেসব প্রতিবেশী দেশে হামলা চালানো হয়েছে, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। তিনি জানান, গত শুক্রবার অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, কোনও প্রতিবেশী দেশ থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তবে ইরানও তাদের ওপর আর কোনও ক্ষেপণাস্ত্র ছুড়বে না।
কিন্তু এই ক্ষমার বার্তার এক ঘণ্টা পার হওয়ার আগেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি ড্রোন আঘাত হানার ভিডিও ফুটেজ সামনে আসে। এ ছাড়া সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ইরানের মুহুর্মুহু হামলা অব্যাহত রয়েছে। বাহরাইনে বারবার হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।