মোটরসাইকেলে তেল নিয়ে বাগবিতণ্ডার জের ধরে যুবককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি:
মোটরসাইকেলে তেল নিয়ে বাগবিতণ্ডার জের ধরে যুবককে পিটিয়ে হত্যা। ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল না দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে নীরব হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে র‌্যাব।

নিহত নীরব হোসেন (২২) জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম, দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব। ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সব্যসাচী পাল সুমন বলেন, ‌হাসপাতালে আসার কয়েক মিনিট পর নীরবের মৃত্যু হয়। তার শরীরে (কান ও মাথার) আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে। এ বিষয়ে পাম্প মালিক হারুন অর রশিদ বলেন, ‘আমি ঢাকাতে আছি। পাম্পে একটি ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে কী নিয়ে ঘটনা ঘটেছে তা জানতে পারিনি।’

ঝিনাইদহ সদর থানার ওসি ফয়সাল আরেফীন জানান, শহরের তাজ ফিলিং স্টেশনে তেল না দেওয়া নিয়ে ঝামেলা হয় নীরবের সঙ্গে। এ সময় ফিলিং স্টেশনের তিন জন তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

শিরোনাম