বিশেষ প্রতিনিধি:
চাঁদা না দেওয়ায় দোকানিকে হত্যা। কক্সবাজার শহরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পের কাছে ‘চাঁদার টাকা দিতে’ অস্বীকৃতি জানানোর কারণে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৩টার দিকে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম গণেশ পাল (৩৮)। তিনি ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে এবং শহরের বড়বাজারের একজন মুদি দোকানি ছিলেন।
গণেশের স্ত্রী শেফালী পাল এবং তার ভাই আশীষ পালের অভিযোগ, নবনির্মিত বাড়িতে একটি সেপটিক ট্যাংক বসানোর সময় তাদের প্রতিবেশী জিসান চাঁদা দাবি করছিলেন। এ নিয়ে আগেও দুই পক্ষের মধ্যে কয়েকবার বাগবিতণ্ডা হয়েছিল। শনিবার বিকালে ওই প্রতিবেশী গণেশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।