ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি:
ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল নিক্ষেপ। গাজীপুরে ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ ও ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণের পাশাপাশি ঝুটবোঝাই ট্রাক এবং ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। সেইসঙ্গে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরীর বাসন থানাধীন বিটিপাড়া এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিটিপাড়া এলাকার ম্যানেল ফ্যাশন লিমিটেড নামের কারখানায় দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন যুবদলের নেতা নাজমুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার সকালে সেখান থেকে ঝুট বের করতে যান মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীফ আজাদ, বাসন থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও মান্নান। সেখানে তাদের বাধা দেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শিরোনাম