সংবাদ জমিন রিপোর্ট:
এবার ছিনতাইয়ের কবলে দুদকের মহাপরিচালক! রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর মহাপরিচালক মো. মোতাহার হোসেন। শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের ফুটপাতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তাকে মারধর করে আহত করেছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে মো. মোতাহার হোসেন শহীদ ফারহান ফাইয়াজ চত্ত্বর (নানক চত্ত্বর) এলাকায় ফুটপাতে হাঁটছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে। একপর্যায়ে তাকে মারধর করে তার কাছে থাকা একটি আইফোন ৬ প্লাস ও একটি আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা এবং হাতের দামি ঘড়িটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।