মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন থেকে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৩৪) উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা সিরাজ শেখ ওরফে এমদাদের ছেলে।
জানা যায়, ২০২৩ সালের ১৮ মে আনোয়ার হোসেনকে হেরোইনসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার বিচার শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে শিবালয় থানা পুলিশের একটি দল আনোয়ার হোসেনকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে। এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন গণমাধ্যমকে জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তথ্যসূত্র-মানিকগঞ্জের দর্পন