রাজশাহী প্রতিনিধি:
শিশুর লাশ নিয়ে বাড়ি যাওয়ার পথে জানানো হলো আইসিইউ ফাঁকা। জন্মের পর থেকেই ঠান্ডাজনিত রোগে ভুগছিল পাবনার বেড়া উপজেলার ইয়াকুব আলীর মেয়ে নেহা। বয়স দুই মাস। গত রোজার ঈদের দিন তার শরীরে হাম দেখা দেয়। তারপর ২৩ মার্চ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শিশু বিভাগের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছিল। মঙ্গলবার (০৭ এপ্রিল) শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালের পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়ার পরামর্শ দেন। স্বজনরা দ্রুত পিআইসিইউতে গিয়ে সিরিয়াল দেন। সিরিয়াল পড়ে ১২। পিআইসিইউর জন্য অপেক্ষাধীন থাকা অবস্থায় বুধবার (০৮ এপ্রিল) দুপুরে মৃত্যু হয়।
লাশ নিয়ে মা-বাবা যখন বাড়ির পথে তখন বিকালে পিআইসিইউ থেকে নেহার মা চামেলীর মোবাইল নম্বরে কল আসে। হাসপাতাল থেকে জানানো হয়, ‘পিআইসিইউ ফাঁকা হয়েছে। শিশুটি পিআইসিইউতে নিয়ে আসেন।’ এই কথা শুনে সঙ্গে সঙ্গে কান্না শুরু করেন মা। পরে তার কাছ থেকে ফোন নিয়ে শিশুটির বাবা হাসপাতালের লোকজনকে জানান, পিআইসিইউতে বেড না পেয়ে দুপুরেই নেহা মারা গেছে।