নেত্রকোনা প্রতিনিধি:
কেন্দুয়ায় তলিয়ে গেছে ৩৭৫ হেক্টর ধান,ক্ষতির মুখে ৩১০০ কৃষক । টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কেন্দুয়া-আটপাড়া হাওরাঞ্চলে ব্যাপক ফসলহানি হয়েছে। এতে প্রায় তিন হাজারের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যে ৩৭৫ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়ার হাওর অধ্যুষিত চারিতলাসহ কেন্দুয়ার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ কৃষিজমি অল্প সময়ের মধ্যেই পানির নিচে চলে যায়। ফলে কৃষকদের বছরের একমাত্র প্রধান ফসল বোরো ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, প্রতিবছরই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের। কোমর সমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফসল রক্ষা করা সম্ভব হচ্ছে না। এতে চরম হতাশা ও অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।