দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হলেন এমপি,গেলেন হাসপাতালে
সুনামগঞ্জ প্রতিনিধি:
দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হলেন এমপি,গেলেন হাসপাতালে। সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারের খিদ্রাকাপন ও জাউয়া গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে সংসদ সদস্য (সুনামগঞ্জ-১) কামরুজ্জামান কামরুল আহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) রাত ৯টায় খিদ্রাকাপন ও জাউয়াবাজার গ্রামের দুই পক্ষের লোকজন বাজারে টর্চের আলো জ্বেলে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের লোকজন একে অন্যের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে তিনি গাড়ি থেকে নেমে উভয়পক্ষের লোকজনকে শান্ত করার চেষ্টা করেন।
এ সময় উভয় পক্ষের ছোড়া ইটপাটকেলে কাচ ভেঙে এসে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলে পায়ে ও হাতে আঘাত লাগে। পরে তিনি তার সহকর্মীদের নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের এসে চিকিৎসা নেন। চিকিৎসকরা তার পা থেকে কাচের টুকরো বের করেন এবং এক্স-রে করার পরামর্শ দেন।