রাজশাহী প্রতিনিধি:
যুবককে গাছে বেঁধে লাঠি দিয়ে মারধর। রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এই নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। রবিবার (১০ মে) মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার যুবক তুষার (১৮) নগরীর কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে রাখা তুষারকে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ তিনি ক্যামেরা চালু করার পরপরই শুরু হয় নির্যাতন।
ওই ভিডিওতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়। মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। একপর্যায়ে আঘাত থামাতে তাকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ কিন্তু তারপরও মন গলেনি নির্যাতনকারীদের।