নিজস্ব প্রতিবেদক:
ঘরের ভেতরে মিললো মা-মেয়ের লাশ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পরিবারের পাঁচ বছর বয়সী এক শিশু। শনিবার (১৩ জুন) রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশু পিয়াস বড়ুয়া (৫) তাদের ছেলে। সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।