মন্ত্রী আফরোজা খানম রিতার ক্ষোভ প্রকাশের পর মানিকগঞ্জ থেকে সেই প্রকৌশলী আজিজের স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিনিধি:
মন্ত্রী আফরোজা খানম রিতার ক্ষোভ প্রকাশের পর মানিকগঞ্জ থেকে সেই প্রকৌশলী আজিজের স্ট্যান্ড রিলিজ। মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ খাঁন যোগদানের মাত্র ১ মাস ২৭ দিনের মাথায় স্ট্যান্ড রিলিজ হয়েছেন। তাকে খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত এক আদেশে বৃহস্পতিবার (১৮ জুন) এ বদলি কার্যকর করা হয়। আদেশে আগামী ২৮ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ২৯ জুন থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মানিকগঞ্জ পৌরসভায় দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতি শ্লথ হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ঠিকাদারদের বিল সংক্রান্ত ফাইল দীর্ঘদিন আটকে রেখে আর্থিক সুবিধা দাবি করতেন তিনি। দাবি অনুযায়ী অর্থ না দিলে বিল পরিশোধে নানা জটিলতা সৃষ্টি করা হতো।

সর্বশেষ ১৪ জুন মানিকগঞ্জ জেলা আইনশৃঙ্খলা সভায় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার উপস্থিতিতে পৌরসভার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন পেশার লোকজন নানা অভিযোগ উত্থাপন করেন। এ সময় মন্ত্রী তার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে প্রকাশ্যে ভর্ৎসনা করেন। এর চার দিনের মাথায় তাকে খাগড়াছড়ি পৌরসভায় বদলি করা হয়। এদিকে, গত ১৪ জুন ক্ষুব্ধ পৌরবাসী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর কক্ষে তালা ঝুলিয়ে দেন বলে পৌরসভার একটি সূত্র নিশ্চিত করেছে। এরপর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সরকারি ভাবে এখনো বদলির আদেশের কপি তার দফতরে এসে পৌঁছায়নি। তবে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার ব্যক্তিগত সচিব আব্দুল আওয়াল বুলবুলের মাধ্যমে তিনি বদলি সংক্রান্ত একটি আদেশের কপি পেয়েছেন।

শিরোনাম