মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে সৌদি আরবপ্রবাসী আকরাম হোসেন (৪০), তাঁর স্ত্রী প্রিয়াংকা (২৪) ও তাঁদের দেড় বছরের মেয়ে আলিজার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আকরাম হোসেন বারাহিচর গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তিনি কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।
জানা গেছে, আকরাম হোসেনের পরিবারের সদস্যরা একই বাড়িতে বসবাস করতেন। শনিবার বেলা গড়িয়ে গেলেও আকরাম ও তাঁর স্ত্রী ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে আকরামের মা দরজার ফাঁক দিয়ে ভেতরে অবস্থা দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ৩টি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ ৩টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন গণমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে। লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।