সাটুরিয়ায় ছোট ভাই ও দুই ছেলের হাতে প্রাণ গেলো নূর হোসেনের
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ছোট ভাই ও তার দুই ছেলের হাতে প্রাণ গেলো নূর হোসেনের। মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর হোসেন জইটার (৬০) বাড়ি একই ইউনিয়নের বোবার মোড় এলাকায়। তিনি মৃত হুইটা আলীর ছেলে।
জানা গেছে, জমিজমা নিয়ে নুর হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই আবুল হোসেন এবং দুই ভাতিজা সোহেল হোসেন ও রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার ঝগড়া ও গ্রাম্য সালিস হয়েছে। শনিবার সকালে এ নিয়ে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হোসেন ও তাঁর দুই ছেলে বাঁশের লাঠি দিয়ে নুর হোসেনের উপর হামলা চালায়। লোকজন নূর হোসেনকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।পুলিশ জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।