রাজশাহী প্রতিনিধি:
‘আই লাভ ইউ হারুন’ লিখে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা। রাজশাহীতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। আত্মহত্যা করার আগে ফেসবুকে দুটি পোস্ট দেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে আত্মহত্যা করেন। বিকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
ওই তরুণীর নাম রেজিনা সরকার পাখি (২১)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে। রাজশাহী নগরীর লক্ষীপুর কাদের মণ্ডলের মোড়ের একটি বাড়িতে ভাড়া থাকতেন। আত্মহত্যার আগে রেজিনা সরকার পাখি তার ফেসবুক আইডিতে একটি চিরকুট পোস্ট দেন। তাতে লেখা আছে, ‘আমি রেজিনা পাখি। আমারা মারা যাওয়ার জন্য কেউ দায়ী না। আমি আমার ভালোবাসার এই জীবন রেখে কী হবে? আই লাভ ইউ মোহাম্মদ হারুন আনসারী।’
এর কয়েক ঘণ্টা আগে ফেসবুকে লিখেছেন, ‘আজকে আমার শেষ দিন। আল্লাহ মাফ করুক। পৃথিবীতে আমার জন্য কোনও সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা। মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে লিখেছেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এ ছাড়া মৃত্যুর আগ মুহূর্তে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেন। পরে ফেসবুক লাইভে আসেন। পুলিশ জানিয়েছে, পাখির সঙ্গে ভারতীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।