সংসদে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের প্রতি শোক প্রস্তাব উত্থাপনের প্রতিবাদ
সংবাদ জমিন রিপোর্ট:
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের প্রতি শোক প্রস্তাব উত্থাপনের প্রতিবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদে একাত্তরের ঘাতক-দালাল ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের প্রতি শোক প্রস্তাব উত্থাপনের প্রতিবাদ করে ৪১ বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) কবি ও এক্টিভিস্ট মীর ববি এটি নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, “একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল মহান মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখার শপথ নিয়ে। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জাতীয় সংসদের নেতা। ইতিহাসের ধারাবাহিকতায় জাতীয় সংসদে অনেক মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি হিসেবে যুক্ত হওয়ার গৌরব অর্জন করেছিলেন। দুঃখজনক হলেও সত্য, সেই চিত্র বর্তমান জাতীয় সংসদে নেই। বরং একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী ও চিহ্নিত রাজাকারেরা সংসদে গিয়ে মুক্তিযুদ্ধকে ভুলণ্ঠিত করেছেন। জাতি হিসেবে আমাদের বিশ্বাসঘাতক কিংবা আত্মভোলা হিসেবে চিহ্নিত করার প্রেক্ষাপট তৈরি করেছেন। যা ইতিহাস সচেতন নাগরিকদের কাছে লজ্জার।”