ঢামেক হাসপাতালের ভবন থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা
সংবাদ জমিন রিপোর্ট:
হাসপাতালের ভবন থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আট তলা থেকে লাফিয়ে পড়ে নাজমিন বেগম (২০) নামের এক তরুণী রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নাজমিন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকার রায়হান ব্যাপারীর স্ত্রী এবং চার মাস বয়সী এক পুত্রসন্তানের জননী ছিলেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, নাজমিন কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১৮ জানুয়ারি ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। রবিবার রাতে তার মা বাথরুমে গেলে এবং বাবা একটি রিপোর্ট আনতে ওয়ার্ডের বাইরে গেলে সুযোগ বুঝে নাজমিন ভবনের পেছন দিক দিয়ে নিচে লাফিয়ে পড়েন। পরে লোকজনের ভিড় দেখে তার বাবা সেখানে গিয়ে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।