দিনাজপুর প্রতিনিধিঃ
ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে বিষপান করার ১৫ দিন পর মারা গেছে ১৪ বছর বয়সী এক কিশোরী।
শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২১ জুন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী।
জানা গেছে, স্কুলপড়ুয়া ওই কিশোরী দাদার বাড়িতে দাদির সঙ্গে থাকতো। প্রতিবেশী দাদা মোসলেম উদ্দিন (৫৮) দীর্ঘদিন থেকে বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে আসছিল।
বিষয়টি জানাজানি হলে লোকলজ্জার ভয়ে গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অবশেষে ১৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়েটি।
পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।