সারাদেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু হয়েছে

সংবাদ জমিন ডেস্কঃ
সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯ থানার কার্যক্রম শুরু করা হয়েছে। এরমধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলা পর্যায়ের ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু করা হয়েছে। রোববার (১১ আগস্ট) পুলিশের অপারেশনাল কার্যক্রম সম্পর্কে হেডকোয়াটার্স থেকে এই সব তথ্য জানিয়েছেন।

অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, থানার কার্যক্রম শুরু করা হলেও এখনো পুরোদমে কাজ হচ্ছে না। জনগণ কম যাচ্ছে। রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর পল্টন থানায় ৪টি জিডি করা হয়েছে। আর যানবাহন না থাকায় টহল কমে গেছে।

পুলিশ সূত্রগুলো জানিয়েছেন, সারাদেশে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা থানা পর্যায়ে কাজ করছেন। আস্তে আস্তে পুলিশের উপস্থিতি বাড়ছে। প্রতিদিন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

তবে রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশের উপস্থিতি পাওয়া যায়নি। দেখা গেছে সেনাবাহিনীর টহল ও আনসারদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে। পল্টন, মৎস্য ভবন, শাহবাগ, বিজয়নগরসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও পোশাকধারী পুলিশ দেখা যায়নি।

শিরোনাম